এক মাসে ২২ মোটরসাইকেল চুরি
রংপুর নগরের বিভিন্ন স্থান থেকে গত এক মাসে ২২টি মোটরসাইকেল চুরি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা পরিষদ সুপার মার্কেট, সিঙ্গার গলি, সেন্ট্রাল রোড, জাহাজ কোম্পানি মার্কেট, মোতাহার কমপ্লেক্স ভবন, কাচারি বাজার, রংপুর মেডিকেল, ডেন্টাল কলেজ, বিআরটিএ কার্যালয়, কোতোয়ালি থানা এলাকাসহ আরও কয়েকটি এলাকা থেকে ওই মোটরসাইকেলগুলো চুরি হয়েছে।
নগরের সিঙ্গার গলি থেকে গত বৃহস্পতিবার সাংবাদিক স্বপন চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়। তিনি বলেন, ‘অফিসের সামনে মোটরসাইকেল রেখে কাজ করছিলাম। এই ফাঁকে চুরি হয়ে যায়।’
রংপুর বিভাগীয় কার্যালয় ভবনে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে কাজ করতে এসে গত ২০ মার্চ চিকিৎসক মোকসেদুল আরেফীনের মোটরসাইকেলটি চুরি হয়। মুলাটোলে অবস্থিত ফোকাস কোচিং সেন্টারের সামনে থেকে ওই প্রতিষ্ঠানের পরিচালক আশরাফুল আলমের মোটরসাইকেলটি চুরি হয় ২১ মার্চ।
এভাবে নগরের বিভিন্ন এলাকায় গত ১২ মার্চ থেকে ২২ জনের মোটরসাইকেল চুরি হয়ে যায়। ২৩ মার্চ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের সাতজন গ্রেপ্তার হয়েছে। এর পরও চুরি কমছে না। চুরি রোধে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।