এক মাসে ২৮ সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে ২৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১২ জন নিহত ও অর্ধশতাধিক লোক গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই পঙ্গু হয়ে আছে। মহাসড়কের মাঝখানে ডিভাইডার না থাকা ও সড়কের বেহাল অবস্থার জন্য প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ২৮ জুলাই ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চার যাত্রীর মৃত্যু ও ১৫ জন আহত হয়। এর এক দিন আগে ২৭ জুলাই দুপুরে গোড়াই এলাকায় এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাসদস্য আবু হানিফ নিহত হন। সম্প্রতি কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার তেতুইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়। সর্বশেষ গত ৫ আগস্ট উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি ট্রাকের চাপায় চা-দোকানদার সুলতান মিয়া নামে এক যুবক মারা যান। গত এক মাসে ছোট-বড় ২৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে।এলাকাবাসী জানান, এমনিতেই ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগর সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটত। চলতি মৌসুমের বৃষ্টিতে সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। দ্রুত মহাসড়কের খানাখন্দ মেরামত এবং সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করা না হলে দুর্ঘটনা আরও বৃদ্ধি পাবে, ঘটবে আরও প্রাণহানি।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, হঠা ৎ করেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে দেখা গেছে, ৭০ শতাংশ চালকের লাইসেন্স জাল। চালকের আসনে যাঁরা বসছেন, তাঁদের বেশির ভাগই আগে সহযোগী ছিলেন। কোনো রকম প্রশিক্ষণ না নিয়েই অদক্ষ সহযোগীরা রাতারাতি চালক হয়ে যাওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কালিয়াকৈরে যেসব চালক অদক্ষ ও লাইসেন্সবিহীন রয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তাঁদের দমন করতে পারলে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে।