লক্ষ্মীপুরের রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চবিদ্যালয় ও বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝের সড়কের কালভার্টটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গত এক মাসে ওই দুই বিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী গর্তের কারণে কালভার্টের নিচে পড়ে আহত হয়।এদের মধ্যে কয়েক শিক্ষার্থী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ছয় মাস ধরে এ রুটে যান চলাচলও রয়েছে বন্ধ। স্থানীয় লোকজন জানান, কোরবানির ঈদের কয়েক দিন পর বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন বিদ্যালয়ে আসছিল। এ সময় সে অসাবধানতার কারণে ওই কালভার্টের গর্তে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশে লোহার রড ঢুকে আটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে রায়পুর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে আরও ২৯ ছাত্রছাত্রী আহত হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, পাউবোর খালের ওপরে প্রায় ১৫ বছর আগে স্থানীয় লোকজন ও দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এ কালভার্টটি নির্মাণ করা হয়। গত আগস্ট মাসের শুরুতে হঠাৎ কালভার্টের মাঝখানে চার-পাঁচ ফুট ভেঙে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক জানান, বিদ্যালয় ছুটি হলে অবুঝ শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে বের হয়। কালভার্টে উঠে অসাবধানতার কারণে ভাঙা অংশে পড়ে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়। এ ছাড়া অপরিচিত লোকজন রাতে মোটরসাইকেল চালিয়ে এসে খালে পড়ে যান।চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, ‘দুটি বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী ও এলাকার লোকজন ওই গর্তে পড়ে জখমের বিষয়টি শুনেছি। কালভার্টটি জরুরিভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশলীকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’ রায়পুর উপজেলা প্রকৌশলী মো. আকতার হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।’