জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুরে মধুমতী নদীতে ভাঙন শুরু হয়েছে। গত এক মাসে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের নন্দীগ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের আশঙ্কায় কয়েকটি ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।১৮ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, নন্দীগ্রামের নদীর পাড়ের মাটির বড় বড় অংশে ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে মাটিতে ফাটল ধরে। পরে একসময় নদীতে মাটি ধসে পড়ছে। আর এভাবে গত এক মাসে গ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি নদীতে চলে গেছে।টগরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জানান, নদীর ভাঙনে তাঁর মালিকানাধীন ২০ একর ফসলি জমি এরই মধ্যে নদীতে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল খায়ের জানান, চলতি বছর টগরবন্ধের নন্দীগ্রামে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এ ব্যাপারে তিনি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ব্যবস্থা নিতে বলবেন।ফরিদপুর পাউবোর প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, ভাঙন রোধে তাঁরা পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প জমা দিয়েছেন। সে প্রকল্প এখনো অনুমোদন হয়নি। নন্দীগ্রামের ভাঙনের বিষয়টি ওই প্রকল্পের মধ্যে নেই। এ ব্যাপারে আলাদা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।