এক মাসে ৫০টি গরু চুরি, মুক্তিপণে উদ্ধার!
রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়েই চলেছে। কৃষকেরা রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকাতে পারছেন না। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র মুক্তিপণের বিনিময়ে গরু ফেরত দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী জানায়, এক মাস ধরে গরু চোরের উপদ্রব বেড়েছে। ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত উপজেলার কান্দি ইউনিয়নের তালুককান্দি কাবিলাপাড়া গ্রামের আবু বক্করের তিনটি, চর ছাওলা গ্রামের আবদুল কাদের মিয়ার দুটি, পেটভাতা গ্রামের আবুল কালামের চারটি, পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের আবদুল বারি মহুরীর দুটি, তালুক পারুল গ্রামের জোবায়দুর রহমানের তিনটি, একই গ্রামের আইয়ুব আলীর চারটি, কৈকুড়ী ইউনিয়নের আলাদীপাড়া গ্রামের ফরমান মাস্টারের চারটিসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে।উপজেলার পারুল ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্র এই গরু চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ চোরের সদস্যরা রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে তা গোপন আস্তানায় রেখে কৃষকদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে গরু ফেরত দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।মহিষমুড়ি গ্রামের কৃষক আবদুল বারি মহুরী অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বর তাঁর দুটি হালের বলদ চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে ২ জানুয়ারি সংঘবদ্ধ চোর চক্রের কাছ থেকে গোপনে ১৮ হাজার টাকা দিয়ে গরু ফেরত পান। তিনি চক্রটির কারও নাম প্রকাশ করতে চাননি।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী বলেন, গরু চুরির ঘটনায় থানায় কেউ মামলা করছে না। ফলে আইনগতভাবে গরু চুরির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।