এক মাসে ৫০টি ট্রান্সফরমার চুরি, ২০ গ্রাম অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত এক মাসে ৫০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমার চুরির ফলে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। গত বৃহস্পতিবার এক রাতে চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, ট্রান্সফরমার চুরি রোধে পল্লী বিদ্যুৎ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উপরন্তু ট্রান্সফরমার চুরির পর পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে পল্লী বিদ্যুৎ-সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।বিদ্যুৎ গ্রাহক, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় গত এক মাসে ৫০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নাঠৈ গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এ ছাড়া একই রাতে গৌরনদীর গেরাকুল গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। গেরাকুল গ্রামের বেলায়েত হোসেন বলেন, ট্রান্সফরমারটি চুরি হওয়ায় গ্রামটি অন্ধকারে আছে। স্থানীয় লোকজন জানায়, আট মাস আগেও গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন গ্রামবাসী চাঁদা তুলে ট্রান্সফরমার পুনঃস্থাপনের ব্যবস্থা করে। এলাকার লোকজন অধিকাংশই হতদরিদ্র। তাদের পক্ষে বারবার চাঁদা দিয়ে ট্রান্সফরমার কেনা সম্ভব নয়। সম্প্রতি আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা জানিয়েছেন, প্রতিটি ট্রান্সফরমার চুরির পর পুনরায় ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি করা টাকা না দেওয়া পর্যন্ত নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয় না। গত এক মাসে আগৈলঝাড়ার আস্করকালী বাড়ি, আমবৌলা, চাত্রিশিরা, গৌরনদীর বাউরপাতি, ধানডোবা, বিল্লগ্রাম, মাহিলাড়া, বাটাজোর; উজিরপুরের কাজিশাহ, ভরসাকাঠি, ধামুরাসহ বিভিন্ন গ্রাম থেকে ৫০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গ্রাহকেরা অভিযোগ করেন, এ অবস্থায় বিদ্যুতের অভাবে অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বকর শিবলী ট্রান্সফরমার চুরি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘গৌরনদী ও উজিরপুর উপজেলায় গত এক মাসে ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। জনবলসংকটের কারণে আমাদের পক্ষে ট্রান্সফরমার পাহারা দিয়ে রাখা সম্ভব নয়। তবে চুরি রোধে ট্রান্সফরমারগুলো ঝালাই করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে। আর চুরির পর নতুন ট্রান্সফরমার বসাতে পল্লী বিদ্যুৎ সমিতির নীতিমালা অনুযায়ী নতুন ট্রান্সফরমার কেনার অর্ধেক টাকা গ্রাহককে দিতে হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক। তারা একটি জিডি করেই দায়িত্ব শেষ করে। চুরি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয় না।