এক মাসেই অর্ধশতাধিক বিদ্যালয়ের নলকূপ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) আওতায় তিন বছর আগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করা হয়। তবে এক মাসের মধ্যে অর্ধশতাধিক নলকূপ অকেজো হয়ে পড়ে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে হোসেনপুরে ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনে ৭৯ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কিশোরগঞ্জের মেসার্স আওলাদ ট্রেডার্স ৪৯টি এবং বরিশালের মেসার্স ডাইনামিক ট্রেডার্স ৩০টি নলকূপ স্থাপনের দায়িত্ব পায়। কার্যাদেশ অনুযায়ী ২০১৩ সালের জুন থেকে অক্টোবরের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন হয়। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নলকূপ স্থাপনের তিন দিন পরই কয়েকটি অকেজো হয়ে পড়ে। এক মাসের মধ্যে অর্ধশতাধিক নলকূপ নষ্ট হয়ে যায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, হোসেনপুর কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপটি অকেজো হয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহমাদুজ্জামান বলেন, ‘স্থাপনের তিন দিন পরই এটি অকেজো হয়ে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’
উত্তর গড়মাছুয়া মুক্তার উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের নলকূপটিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল-আমিন বলেন, ‘নিজ খরচে কয়েকবার মেরামত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাইনি।’ একইভাবে সাহেবের চর ভাটিপাড়া, ধুলঝুড়ী, চরজামাইল, ধনকুড়া, ঢেকিয়া, আশুতিয়া, মাধাখোলা, তারাপাশা, সাহেবের চর প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। ফাটা ব্যারেল, জিআই পাইপে থ্রেড না থাকা, পাইপ ভাঙাসহ বিভিন্ন কারণে এসব নলকূপে পানি উঠছে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে। সরকার প্রতিটির জন্য এক লাখ টাকার ওপরে খরচ করেছে। অথচ শিক্ষক-শিক্ষার্থীরা সুপেয় পানি পাচ্ছে না।
এসব নলকূপের তদারকির দায়িত্বে রয়েছে ডিপিএইচইর উপজেলা কার্যালয়। কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, ‘নলকূপগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জরিপ করে অচিরেই এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’ নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আওলাদ ট্রেডার্সের একজন মালিক মঞ্জু মিয়া ও ডাইনামিক ট্রেডার্সের মালিক আবদুল কুদ্দুছ মোল্লা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ছিল শুধু নলকূপ স্থাপন করে দেওয়া। সেগুলো পরীক্ষা করে পানি ওঠানো হয়েছিল। এগুলো মেরামতের দায়িত্ব তাদের নয়।