এক মাসেই ধসে পড়ল প্রাচীর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে (এপিএসসিএল) নতুন বিদ্যুেকন্দ্র নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের জন্য গড়ে তোলা আবাসিক ভবনের সীমানাপ্রাচীরের একটি বড় অংশ ধসে পড়েছে। প্রাচীরটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮২ লাখ টাকা। অথচ নির্মাণের এক মাস না যেতেই এটির প্রায় ৩০০ ফুট ধসে পড়েছে।
স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইজভান্ডার কনস্ট্রাকশন প্রাচীর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ মিয়ার ব্যবসায়িক অংশীদার বাবুল আহমেদের। সে জন্য ইসলাম অ্যান্ড সন্স নামের অন্য একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা (৭৯ লাখ টাকা) হওয়া সত্ত্বেও তাদেরকেই কাজটি দেওয়া হয়। এ জন্য তারা প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বে থাকা ক্ষিতিশ কুমার নামের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির একজন প্রকৌশলীকে মোটা অঙ্কের উেকাচ দিয়েছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই প্রাচীরটি ধসে পড়ে। প্রাচীরের ভেঙে যাওয়া অংশ ঘেঁষে বসবাস করা তিনটি পরিবার এ ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে একটি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সীমানাপ্রাচীরের পূর্ব দিকের প্রায় ৩০০ ফুট ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশে কর্তৃপক্ষ টিনের বেড়া দিয়েছে।
মাইজভান্ডার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. বাবুল আহমেদ বলেন, ‘স্থানীয় ফারুক ও জাবেদ ইচ্ছা করেই এমনভাবে মাটি ও বালু ফেলেছেন। ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রাচীর নির্মাণে কোনো অনিয়ম করা হয়নি।’
যোগাযোগ করা হলে ফারুক আহমেঞ্চদ ও জাবেদ আহমেঞ্চদ অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, ‘আমরা যে স্থানটি ভরাট করেছি, সেটি ভেঙে পড়া প্রাচীর থেকে অনেক দূরে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই প্রাচীরের বেশির ভাগ অংশ ভেঙে পড়েছে।’
জানতে চাইলে ক্ষিতিশ কুমার বলেন, ’অপরিকল্পিতভাবে মাটি ও বালু ভরাটের কারণেই প্রাচীরটি ভেঙে গেছে। মাটি ও বালু ফেলার সময় আমরা বাধা দিলেও সংশ্লিষ্টরা কথা শোনেননি।’