এক মাসেই পৌনে সাত কোটি টাকার বাঁধ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দিতে এক মাস পরই যমুনায় বিলীন হয়ে যাচ্ছে বন্যানিয়ন্ত্রণের জন্য পৌনে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘বালির বাঁধ’। ইতিমধ্যে বাঁধের পাঁচটি অংশের প্রায় ৩০০ মিটার ধসে গেছে। ভেঙে যাওয়া অংশে নতুন করে ‘বিকল্প রিং বাঁধ’ নির্মাণ ও ৭৫ হাজার জিও টেক্স ব্যাগ ফেলার নামে আরও প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করছে পাউবো।
পাউবোর বগুড়া নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, ‘ব্রহ্মপুত্র ডান তীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ’ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে যমুনার তীরে ৩ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ওই বাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে পাউবো।
রোহদহ বাজার থেকে ধলিরকান্দি পর্যন্ত এই বাঁধ নির্মাণে পাউবোর ব্যয় হয় সাত কোটি ৬৮ লাখ টাকা। গত জুনে পাউবোকে নির্মাণকাজ বুঝিয়ে দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাটির পরিবর্তে নদী থেকে ড্রেজিং করা বালু দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়।
এলাকার অনেকে অভিযোগ করে বলেন, ‘বালির বাঁধ’ নির্মাণের নামে পৌনে সাত কোটি টাকা অপচয় করার পর আবারও নতুন করে সাড়ে পাঁচ কোটি টাকা জলে ঢালছে পাউবো। গ্রোয়েন ছাড়া যমুনার ভাঙন ঠেকাতে ওই বাঁধ নির্মাণ নিয়ে শুরু থেকেই এলাকাবাসী সমালোচনা করছিলেন। কিন্তু পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার তখন বলেছিলেন, যমুনার ভাঙনে এই বাঁধ সহজে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এক মাসের ব্যবধানে ২৯ জুলাই রোহদহ বাজারে পাউবোর নতুন বাঁধে ছোবল মারে যমুনা। এরপর গত তিন সপ্তাহে ওই ৩০০ মিটার বাঁধ বিলীন হয়ে গেছে।
রোহদহ গ্রামের জহুরুল ইসলাম বলেন, বাঁধের মাটি কেটে রিং বাঁধ নির্মাণ করায় ঝুঁকির মধ্যে রয়েছে রোহদহ বাজারের অংশ। যেকোনো সময় এই অংশ ধসে আশপাশের অর্ধশত গ্রামে পানি ঢুকবে। বাঁধের মাটি কাটায় বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। একই গ্রামের শাজাহান আলী বলেন, ‘বালির বাঁধ’ নির্মাণ করে সাত কোটি টাকা জলে ঢালার পর এখন জিও ব্যাগ আর রিং বাঁধ নির্মাণের নামে কয়েক কোটি টাকা খরচের তোড়জোড় চলছে। এতে পকেট ভরবে ঠিকাদার আর কর্মকর্তাদের।
নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, একনেকের সিদ্ধান্ত অনুযায়ীই নদী থেকে বালু তুলে বাঁধ নির্মাণ করতে বলা হয়েছিল। এতে বাঁধের জমিটুকুই শুধু অধিগ্রহণ করতে হয়েছে। এতে খরচ কিছুটা সাশ্রয় হলেও নদীর ভয়াবহতায় বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। গত জুনে এই বাঁধ নির্মাণ শেষে ঠিকাদার কাজ বুঝে দিয়েছেন।
ইতিমধ্যেই নতুন বাঁধের ওই ৩০০ মিটার ভেঙে গেছে। এই অংশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। ভাঙন ঠেকাতে কয়েকটি স্থানে ৭৫ হাজার জিও টেক্স ব্যাগ ফেলা হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ভেঙে যাওয়া পাঁচটি স্থানে বিকল্প রিং বাঁধ নির্মাণে খরচ হচ্ছে আরও প্রায় দুই কোটি টাকা। তবে বাঁধ কেটে রিং বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, মাটি না পেয়ে ঠিকাদার এটা করতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।