লক্ষ্মীপুরে শটগানের গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল নিহত হওয়ার পর এক মাস পেরিয়ে গেছে। কিন্তু এ ঘটনার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। তাঁর পরিবার বলছে, অভিযোগের তির পুলিশের দিকে থাকায় মামলার তদন্ত এগোচ্ছে না।
৯ অক্টোবর রাত একটার দিকে লক্ষ্মীপুরের রায়পুর থানার মূল ফটকের কাছে একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে মারা যান আবদুল জলিল। তিনি জেলা পুলিশ লাইনের অস্ত্র শাখায় কর্মরত ছিলেন। বিদ্যুতের দাবিতে রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিক্ষুব্ধ লোকজনের হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন অন্য পুলিশ সদস্যদের সঙ্গে রায়পুরে এসেছিলেন তিনি।
নিহত আবদুল জলিল একজন পুলিশ কর্মকর্তা। মামলার বাদী পুলিশ, তদন্তও করছে পুলিশ। তার পরও এক মাসে হত্যারহস্যের কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষুব্ধ এই পুলিশ কর্মকর্তার পরিবার। তাঁর বড় ভাই আবদুল মতিন বলেন, ‘আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। ঘটনার হিসাব-নিকাশ পরিষ্কার। তার পরও জলিলের সহকর্মীরা তদন্ত চালাচ্ছেন ধীরগতিতে।’
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, চায়ের দোকানটি থানার সীমানাপ্রাচীরের সঙ্গে। প্রাচীরের পর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবন। ঘটনার সময় দোকানের সামনে ১৫-২০ জন পুলিশ দাঁড়িয়ে ছিল। এই অবস্থায় দুর্বৃত্তরা গুলি করলে জলিলের গায়ে লাগার কথা না। তাঁর সঙ্গে ছিল এসএমজি। অন্য পুলিশ সদস্যদের ছিল শটগান। বুকের নিচে শটগানের গুলি লেগে তিনি মারা যান। অসতর্কতাবশত অন্য পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বেরিয়ে তিনি তাতে বিদ্ধ হতে পারেন। তবে পুলিশ অনেকটাই নিশ্চিত, জলিল কোনো সহকর্মীর শটগানের গুলিতেই মারা গেছেন। তাই তদন্তে ধীরগতি নেমে এসেছে।
এ ব্যাপারে গতকাল সোমবার জানতে চাইলে সংশ্লিষ্ট ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক সোলেমান চৌধুরী বলেন, কয়েকজন উপপরিদর্শক (এসআই), হাবিলদার, সুবেদার ও চা-দোকানিসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কেউ ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করেননি। এ জন্য ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ১১টি শটগান জব্দ করা হযেছে। অস্ত্রগুলো পরীক্ষার জন্য অনুমতি দিয়েছেন আদালত। এগুলো কয়েক দিনের মধ্যে পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে। মামলাটি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।
এদিকে ঘটনার তদন্তে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল পুলিশ। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এক মাসেও কমিটি প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটির প্রধান প্রথম আলোকে বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। অস্ত্র বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে।