মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হাজি মো. আবদুল হকের ছেলে দুবাইপ্রবাসী আবদুল আজিজ (২৪) হত্যাকাণ্ডের কারণ এক মাসেও উদ্ঘাটিত হয়নি। এতে পরিবারের লোকজনের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁওয়ের নিজ বাড়ি থেকে গত ২৭ সেপ্টেম্বর আবদুল আজিজ মুঠোফোনে ডাক পেয়ে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ও তাঁর মুঠোফোন বন্ধ ছিল। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর আবদুল আজিজের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ৭ অক্টোবর এই সাধারণ ডায়েরিকে একটি অপহরণ মামলা হিসেবে চালু করা হয়। ১০ অক্টোবর হাকালুকি হাওরের ফুট বিলে আবদুল আজিজের ভাসমান লাশ পাওয়া যায়। পরিবারের লোকজন এক হাতবিহীন ও অ্যাসিড দিয়ে মুখ ঝলসানো অবস্থায় তাঁর লাশ শনাক্ত করেন।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রামের রহমত মিয়া (২৮) ও কুলাউড়া পৌরসভার সোনাপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক কয়েছ মিয়াকে (২৪) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। কিন্তু বিগত এক মাসেও আবদুল আজিজ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এতে আবদুল আজিজের পরিবারের লোকজনের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
নিহত আবদুল আজিজের খালাতো ভাই ও মামলার বাদী আবদুল আউয়াল চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার এক মাস হয়ে গেছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ঠিকই। কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করতে পারেনি। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। আমরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়ে আসছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এখনো কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন হয়তো প্রকৃত হত্যাকারী কে তা বেরিয়ে আসবে।’
তিনি আরও জানান, অপহরণ মামলাটির সঙ্গে ৩০২ ধারা যুক্ত করে হত্যা মামলা হিসেবে চালু করা হয়েছে।