এক মাসেও কেউ খোঁজ নেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় অসুস্থ জাহাঙ্গীর। তিনি হাসপাতালে এসেছেন এক মাস পেরিয়ে গেল। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় অসুস্থ জাহাঙ্গীর। তিনি হাসপাতালে এসেছেন এক মাস পেরিয়ে গেল। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর নামের অসুস্থ এক ব্যক্তি (৫০) এক মাস চার দিন ধরে আছেন। এখনো কোনো স্বজন বা কেউ তাঁর খোঁজ নেননি।
গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের দোতলার করিডরে পড়ে আছেন ওই অসুস্থ ব্যক্তি। একটি কম্বল দিয়ে তাঁকে শুইয়ে রাখা হয়েছে। পাশে দুটি কলা। মুখে খোঁচা খোঁচা দাড়ি। দুই হাত ও দুই পা শীর্ণকায়। রুগ্ণ শরীর। হাসপাতালের করিডর দিয়ে কেউ হেঁটে গেলে তিনি হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ দাঁড়ান, কেউবা না দাঁড়িয়ে চলে যান। যাঁরা দাঁড়ান তাঁরা কিছু জিজ্ঞেস করলে অস্ফুটে কিছু শব্দ তাঁর মুখ থেকে বের হয়, কিন্তু ওই কথা বোঝা যায় না।
হাসপাতাল সূত্রে জানায়, জাহাঙ্গীর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে গত ৪ সেপ্টেম্বর শহরের গোয়ালচামট ২ নম্বর সড়কের বাসিন্দা শামীমা বেগম তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে চলে যান। এরপর আর কেউ তাঁর কোনো খবর নেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ওয়ার্ডের এক নার্স জানান, জাহাঙ্গীরের সঙ্গে কোনো লোক নেই। এ ছাড়া তিনি শুয়ে বাথরুম করেন। এ কারণে তাঁকে কোনো শয্যা না দিয়ে হাসপাতালের করিডরে ফাঁকা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোয়ালচামট ২ নম্বর এলাকার বাসিন্দা মমতাজ বেগম বলেন, ছয় মাস ধরে ওই ব্যক্তি তাঁদের বাড়িতে বিভিন্ন কাজ করতেন। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পৌর কাউন্সিলর মীজা জাকিরের পরামর্শে তাঁকে ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীরের বাড়ির ঠিকানা তাঁদের জানা নেই। শুধু তাঁরা জানেন, তাঁর বাড়ি দিনাজপুরে।
ওই হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রোগীটির ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আমরা তাঁর জন্য অনেক খরচ করেছি। বাইরে থেকে সিটি স্ক্যান করিয়েছি। হাসপাতাল থেকে ওষুধ দিয়েছি। তবে রোগীকে দেখাশোনার কেউ না থাকায় সমস্যা হচ্ছে। নিয়মিত ওষুধ, খাবার খাওয়ানোসহ সঠিক পরিচর্যা পেলে সুস্থ হয়ে উঠত জাহাঙ্গীর। আমরা শেখ ফ্যালা নামের এক ব্যক্তিকে দিয়ে প্রতিদিন আড়াই শ টাকার বিনিময়ে ওই ব্যক্তিকে সেবা-শুশ্রূষা করিয়েছি। ইতিমধ্যে আমাদের ১০ হাজার টাকা খরচ হয়ে গেছে। তাই ১০ দিন ধরে আমাদের পক্ষে এ ব্যয়ভার চালানো সম্ভব হচ্ছে না।’ শেখ ফ্যালা বলেন, ‘আমি দেখাশোনা করায় জাহাঙ্গীর অনেক সুস্থ হয়ে উঠেছিলেন।’