এক মাসেও কোনো ধান কেনেনি খাদ্য বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস পার হয়ে গেলেও রাজশাহীর বাগমারা উপজেলায় ধান সংগ্রহ শুরু করেনি খাদ্য বিভাগ। গুদামে জায়গার অভাব দেখিয়ে তারা কৃষকদের কাছ থেকে ধান কিনছে না। এদিকে সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় কৃষকেরা ফড়িয়াদের কাছে কম দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বাগমারায় ৫৭৩ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৮ টাকা ৫০ পয়সা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে এ ধান কেনার কথা। গত ২ মে স্থানীয় সাংসদ এনামুল হক ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন। তবে ওই দিন থেকে চালকলমালিকদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু করা হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক ছটাক ধানও কেনা হয়নি।উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর, হামিরকুৎসা ও মোহনগঞ্জ হাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে ধান না কেনায় তাঁরা কম দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫৪০ থেকে ৫৮০ টাকায়। তবে কিছুদিন আগে দাম আরও কম ছিল। কৃষকেরা জানান, ফড়িয়ারা কম দামে তাঁদের কাছ থেকে ধান কিনে মজুত করছেন। এই ধান তাঁরা খাদ্যগুদামে বেশি দামে বিক্রি করবেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফড়িয়া জানান, প্রতিবছর তাঁরা কিছু শর্তে খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করেন। এ বছরও তাঁরা সেই উদ্দেশ্যে ধান কিনে রাখছেন। বাবুল হোসেন নামের এক ফড়িয়া বলেন, তিনি কম দামে ভেজা ও শুকনো ধান কিনে রাখছেন। তাঁর কাছ থেকে কিছু দাম বেশি দিয়ে চালকলমালিকেরা ধান কিনে নেবেন। পরে তাঁরা চাল খাদ্যগুদামে দেবেন।কৃষকদের কাছ থেকে ধান না কেনার ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হান্নান বলেন, গুদামে জায়গা না থাকায় তাঁরা ধান কিনতে পারেননি। তিনি জানান, নতুন ও পুরোনো খাদ্যগুদামের ধারণক্ষমতা এক হাজার ৫০০ মেট্রিক টন। গতকাল পর্যন্ত ১০০ মেট্রিক টন জায়গা ফাঁকা রয়েছে। তাতে চাল রাখা হচ্ছে। ধান সংগ্রহ বাদ দিয়ে চাল কেনার প্রসঙ্গে তিনি বলেন, চালকলমালিকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে চাল দিতে না পারলে তাঁদের জামানত বাতিল হয়ে যাবে। এ জন্য চাল সংগ্রহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ধান কিনতে পারবেন বলে তিনি দাবি করেন।ভবানীগঞ্জের কৃষক শহিদুল ইসলাম ও দেউলার সাইদুর অভিযোগ করেন, ফড়িয়ারাই কৃষকদের কাছ থেকে কম দামে কেনা ধান খাদ্যগুদামে বিক্রি করবেন। এতে তাঁদের কোনো লাভ হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি সাদেকুল ইসলাম জানান, গুদামে জায়গা না থাকায় ধান কেনা যায়নি। দ্রুত কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।