কুমিল্লার মনোহরপুর মুন্সেফবাড়ী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও মামলার অন্যতম দুই আসামি রিপন (২৫) ও ফাহিম (২৪) গ্রেপ্তার হননি।
রিপন ওই মামলার দ্বিতীয় ও ফাহিম তৃতীয় আসামি। রিপনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম গ্রামে ও ফাহিমের ঠিকানা কুমিল্লা নগরের গোবিন্দপুর খলিফাবাড়ী এলাকায়। মামলা দায়েরের পর এজাহার নামীয় একজন ও অজ্ঞাতনামা চারজন ছাড়া আর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বাদীপক্ষ বিস্ময় প্রকাশ করেছে।
মামলার বাদী নিহত ব্যবসায়ীর বড় ভাই হাবিবুছ সায়েরীন বলেন, ‘২৯ মে বেলা একটা ৩০ মিনিটে গুলি ও নির্যাতন করে আমার ছোট ভাই সুমুকে হত্যা করা হয়। পাশের বাসার ছেলেদের বাঁচাতে গিয়েই আমার ভাই মারা যান। ঘটনার সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেল আমার ভাইকে ধাক্কা দেয়। এরপর রাসেল তাঁর সঙ্গী রিপনকে হত্যার নির্দেশ দেন। এরপর রিপন আমার ভাইয়ের পিঠের বাঁ অংশে পিস্তল দিয়ে গুলি করে। এরপর তাঁর সঙ্গী ফাহিম ও অন্যরা ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। এর পরেই আহসান হাবিব মারা যান।