এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কলেজছাত্রী সেলিনা আক্তারের (১৭) ওপর এসিড নিক্ষেপের ঘটনার এক মাস পার হলেও একজন ছাড়া মামলার আর কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সেলিনার মা মাজেদা খাতুন অভিযোগ করেন, ‘এক মাস আগে আমার মেয়েকে এসিড মারা হয়েছে। ঘটনার দিন শুধু এজাহারভুক্ত আসামি মো. শরিফকে গ্রেপ্তার করা হয়। আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রিমান্ডে নিয়েও নাকি পুলিশ শরিফের কাছে থেকে কোনো তথ্য বের করতে পারেনি। অথচ ঘটনার দিন আমার মেয়ে নিজের চোখে শরিফকে পালিয়ে যেতে দেখেছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাকি পাঁচ আসামিকে গ্রেপ্তারে তাঁদের চেষ্টার ত্রুটি নেই। গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি শরিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।উল্লেখ্য, গত ১ মে ভোরে বসতবাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা নোয়াখালী সরকারি মহিলা কলেজের ছাত্রী সেলিনা আক্তারকে এসিড নিক্ষেপ করে। সেলিনার পরিবারের অভিযোগ, দুই বছর আগে সেলিনার ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তারের ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে সাক্ষী দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে সেলিনাকে এসিড নিক্ষেপ করে।