এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে গত ১৭ নভেম্বর সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারহানা ইসলাম আত্মহত্যা করে। এর আগে শামীম মিয়া (৩১) নামের স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে তার শ্লীলতাহানি করেন। ফারহানা তার আত্মহননের জন্য শামীমকে দায়ী করে একটি চিরকুট লিখে যায়।এ ঘটনায় ফারহানার ভগ্নিপতি হাবিবুর রহমান নারী নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শামীম ও তাঁর বড় ভাই শাহজালালকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফারহানার বাড়িতে গিয়ে মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছিলেন।সূত্রমতে, পুলিশ, র্যা ব ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষ্ফল অভিযান চালায়। ঘটনার পর কিছুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও পরে তা থেমে যায়।মামলার বাদী হাবিবুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে জানান, মামলার পর পুলিশের যে তৎপরতা ছিল, এখন আর তা নেই। পুলিশ তাঁদের কেবল আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু তাঁরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না।ফারহানার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ফারহানার আত্মহননের পর মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা শামীমের বিচার হবে বলে যে আশ্বাস দিয়েছিলেন; এর কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। মাত্র এক মাসে যেভাবে সবাই ঘটনাটি ভুলে যেতে বসেছে, তাতে আর কিছুদিন পর এ নিয়ে কেউ হয়তো আর মাথাই ঘামাবে না।’ তিনি বলেন, ‘আমরা জানতাম, প্রশাসন ইচ্ছে করলে সবই পারে, কিন্তু এ ক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না।’মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হরতাল-অবরোধ নিয়ে এবং বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ায় কয়েক দিন ধরে তাঁরা এই মামলায় সময় দিতে পারছেন না। তবে কয়েক দিনের মধ্যে তাঁরা আবারও মাঠে নামবেন। আসামিরা যেখানেই থাকুক, তাঁদের গ্রেপ্তার হবে।