এক মাসেও টাকা তুলতে না পেরে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির ৩৪৮ জন শ্রমিক কাজ করেও এক মাস ধরে ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই সব দরিদ্র মানুষ বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখার সামনে বিক্ষোভ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে গত ১১ ফেব্রুয়ারি থেকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অধীনে মাটি কাটার কাজ শুরু হয়। সপ্তাহে ৫ দিন (শনি থেকে বুধবার) শ্রমিকেরা মাটি কাটেন। প্রত্যেক শ্রমিককে এ জন্য প্রতিদিন মজুরি দেওয়া হয় ২০০ টাকা। নিয়মানুযায়ী এই টাকা শ্রমিকদের তাঁদের নিজ নিজ নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার কথা।
মধুপুর ইউনিয়নের সন্তোষপুর মণ্ডলপাড়া গ্রামের শ্রমিক ইলিয়াছ আলী (৪৮) অভিযোগ করেন, ‘পাঁচজনে খাই। এক দিন কাম না করলে প্যাটোত ভাত যায় না। এক মাস থাকি মাটি কাটোছি। তাও টাকা দেওচে না। খাই কী? ব্যাংকোত (উপজেলা সোনালী ব্যাংক শাখা) আসলে কয়, টাকা আইসে নাই।’
রাজরামপুর বগুড়াপাড়া গ্রামের শ্রমিক বুলবুলি বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামী প্রতিবন্ধী। তিন ছেলে স্কুলে লেখাপড়া করে। আমাকেই পাঁচ সদস্যের সংসার চালাতে হয়। কিন্তু এক মাস ধরে মাটি কেটে টাকা পাচ্ছি না। ধারদেনা করে চলছি।’
৪ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের দলনেতা মোর্শেদা বেগম (৪০) বলেন, ‘আমার নেতৃত্বে ৩৪ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। তাঁরা এক মাস ধরে টাকা পাচ্ছেন না। টাকা না পেলে তাঁরা খাবেন কী? মাটি কাটার কাজ করবে কেমনে? টাকা না দিয়ে ব্যাংক ম্যানেজার খালি ঘুরাচ্ছেন।’
মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক অভিযোগ করেন, ‘শ্রমিকদের টাকা ব্যাংকে আছে। কিন্তু ব্যাংকের ব্যবস্থাপক অসৎ উদ্দেশ্যে টাকা না দিয়ে শ্রমিকদের ঘুরাচ্ছেন।’
ওই ব্যাংক শাখার ব্যবস্থাপক রুহুল আলম বলেন, ‘ওই ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের চেয়ারম্যান শ্রমিকদের টাকা একত্রে তুলতে চান। কিন্তু এটা কোনো নিয়ম না। প্রত্যেক শ্রমিককে নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা তুলতে হবে। কিন্তু এখনো অনেক শ্রমিক অ্যাকাউন্ট খোলেননি। তা ছাড়া প্রকল্প চেয়ারম্যানরাও পেমেন্ট বিল এখনো ব্যাংকে জমা দেননি। এ কারণে টাকা দিতে পারিনি।’
ইউপির সদস্য ও ২ নম্বর ওয়ার্ডের প্রকল্প চেয়ারম্যান ফরিদা বেগম বলেন, ‘আমরা শ্রমিকদের টাকা একত্রে চাইনি। পেমেন্ট বিল জমা দিতে গেলে ব্যাংক ব্যবস্থাপক তা গ্রহণ না করে বলেন, ব্যাংকে টাকা নেই। তা ছাড়া প্রত্যেক শ্রমিকের নামে আগেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে।’
গতকাল বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া মুঠোফোনে বলেন, ওই ইউনিয়নের কিছু শ্রমিকের অ্যাকাউন্ট খুলতে দেরি হওয়ায় টাকা পেতে তাঁদের হয়তো একটু সমস্যায় পড়তে হয়েছে। তবে এখন থেকে ওই সমস্যা আর হবে না।