এক মাসেও ধরা পড়েননি সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হত্যা ঘটনার মূল হোতা কাওসার আহমদ। গত ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলার কাছে শিক্ষক হারুন খুন হয়েছিলেন। গতকাল বুধবার এ ঘটনার এক মাস পার হয়েছে। হারুন-অর-রশিদ খুনের ঘটনায় তাঁর শ্যালক পরদিন ২২ মার্চ সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন।পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক হত্যার ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ বিচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক তিনজনকে আটক করে। এ তিনজনই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় পুলিশি অভিযান ও ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় ২৮ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা মহিলা কলেজের দুই ছাত্রীসহ আলিমুল, রাসেল ও আবাসিক হোটেল ব্যবস্থাপককে আটক করেন। তাঁরা শিক্ষক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে হত্যা মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। কাওসারকে এ মামলার এক নম্বর আসামি হিসেবে দেখানো হয়।এ সময় মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী নিযুক্ত হন। পরে পাঁচজনকে দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর গত ৩০ মার্চ প্রথমে এক ছাত্রী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একইভাবে আরেক ছাত্রীও জবানবন্দি দেওয়ায় শিক্ষক হত্যার মূল হোতা হিসেবে কাওসার আহমদ চিহ্নিত হন।জানা গেছে, কাওসার আহমদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায়। ব্রিটিশ পাসপোর্টধারী কাওসার এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত। এলাকাবাসীর ধারণা, সঙ্গীরা গ্রেপ্তার হওয়ার পরপরই কাওসার গ্রেপ্তার এড়াতে দেশের বাইরে পাড়ি দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, কাওসার যাতে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য বিভিন্ন অভিবাসন পুলিশের কাছে সিলেট কোতোয়ালি থানার পক্ষ থেকে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। ওসি বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে হত্যা ঘটনার আরও তথ্য উদ্ঘাটিত হয়েছে। পুলিশ কাওসারকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ঘাটিত তথ্যগুলো যাচাই করছে।