এক মাসেও ধান ক্রয় শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১০ বিঘা জমিতে চাষ করে সাড়ে ৩০০ মণ ধান পেয়েছিলাম। কিন্তু ধানের দাম কম পাওয়ায় উৎপাদনের খরচও উঠে আসেনি এবার। সরকারি খাদ্যগুদামে অন্তত দুই টন ধান দিতে পারলেও লোকসান কিছুটা কম হতো। ১০-১২ দিন ধরে চেষ্টা করে সরকারি গুদামে এক ছটাক ধানও দিতে পারিনি। নিরুপায় হয়ে ১৩ জুন প্রতি বস্তা ৭০০ টাকা দরে পাইকারের কাছে সব ধান বিক্রি করে দিই।’কথাগুলো বললেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শাহপাড়ার কৃষক রফিকুল ইসলাম। গতকাল বুধবার পর্যন্ত উপজেলার কোনো কৃষকই সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারেননি। উপজেলা সরকারি খাদ্যগুদাম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের জন্য ধান-চাল সংগ্রহ কমিটি ২৪ মে বৈঠক করে। বৈঠকে ২৯ মে থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৪৪৫ মেট্রিক টন ধান এবং চালকল থেকে ১১ হাজার ১৫৩ মেট্রিক টন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী উপজেলার ২৮৬ জন চালকলের মালিকের সঙ্গে চুক্তি করে খাদ্য বিভাগ। গত ২৯ মে থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর হওয়ার কথা থাকলেও তিন সপ্তাহ পর ২১ জুন থেকে চুক্তিবদ্ধ চালকল থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। কিন্তু সিদ্ধান্তের এক মাস পেরিয়ে গেলেও সরাসরি কৃষকদের কাছ থেকে গতকাল বুধবার পর্যন্ত এক ছটাক ধানও সংগ্রহ করেনি খাদ্যগুদাম কর্তৃপক্ষ।উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বোরো ধান চাষ করে কেউই লাভের মুখ দেখতে পারেননি। সরকারি গুদামে ধান দিতে না পেরে অনেকেই কম দামে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আহাদ বলেন, সাড়ে ছয় হাজার মেট্রিক টন সর্বোচ্চ ধারণক্ষমতার এ গুদামে পুরোনো বোরো ও আমন চাল এবং গম মজুদ রয়েছে। গুদামে জায়গার অভাবে এত দিনেও কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়নি। সম্প্রতি অল্প অল্প করে জায়গা খালি হচ্ছে।ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল বলেন, গুদামে জায়গার অভাবেই কৃষকদের কাছ থেকে ধান নেওয়া যায়নি। তবে গুদাম খালি করে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের চেষ্টা চলছে।