বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রফিকুল হক পদত্যাগ করার এক মাস পূর্ণ হলো গতকাল বৃহস্পতিবার। ৭ এপ্রিল রাতে শিক্ষকদের চাপে পদত্যাগ করেন তিনি। এরপর উপাচার্য নিয়োগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য রফিকুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনার পর ৬১টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। পরে শিক্ষকদের চাপে ৭ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল অবস্থা ও অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম—এই কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এরপর এক মাস পেরিয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।
উপাচার্য না থাকায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমন, শিক্ষাসফর, শিক্ষাবৃত্তি এবং দেশি-বিদেশি অর্থায়নে ২০০ গবেষণা প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গত এপ্রিল মাসের বেতন পর্যন্ত পাননি।