খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধের এক মাসেও শিক্ষা কার্যক্রম চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি গত ১ ও ২ জানুয়ারির ঘটনা তদন্তে গঠিত কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি মধ্যরাতে অমর একুশে ছাত্রবাসে বার্ষিক বনভোজনের টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাধারণ ছাত্রদের বাগিবতণ্ডা হয়। পরদিন ছাত্রলীগের বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশসহ আহত হয় ২৫ জন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এদিনই ছাত্রলীগের নেতা এস এম জুবায়ের সিরাজ ও খানজাহান আলী থানার এসআই আবদুুল হাই বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ছাত্রলীগের নেতার মামলায় ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়। এতে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. আরিফ হোসেনসহ চার শিক্ষকও রয়েছেন। ৩ জানুয়ারি ঘটনা তদন্তে পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. কেরামত আলীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে দিতে বলা হয়। ওই ঘটনার জের ধরে ৮ জানুয়ারি ছাত্রকল্যাণ পরিচালক শিবেন্দ্র শেখর শিকদার ও অমর একুশে ছাত্রাবাসের সহকারী প্রাধ্যক্ষ সজল কুমার অধিকারী পদত্যাগ করেন। ১১ জানুয়ারি শিক্ষকদের দাবি মেনে না নেওয়ায় শিক্ষক সমিতি উপাচার্যের সভা বয়কট করে। পরবর্তী সময় ২৪ জানুয়ারি কুয়েট কর্তৃপক্ষ শিক্ষক সমিতির পাঁচ দফা দাবির একাংশ মেনে নেয়। দাবি অনুযায়ী কর্তৃপক্ষ ক্যাম্পাসে মিছিল ও সভার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তার পরও বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়নি।প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান বলেন, ‘প্রথম থেকে আমরা পিছিয়ে আছি। এরপর এই এক মাস বন্ধ থাকায় আমরা আরও পিছিয়ে যাচ্ছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুরা বলে তাদের পরীক্ষা সামনে, আমার তখন খুব খারাপ লাগে।’ যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শুভজিৎ বটব্যাল বলেন, ‘আমরা সেশনজটের আশঙ্কা করছি। গরমের ছুটির আগে আমাদের সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার কথা, কিন্তু তা সম্ভবত হবে না। আমাদের খুব ক্ষতি হবে।’ নাম প্রকাশ না করার শর্তে পুরকৌশল বিভাগের এক ছাত্র জানান, বিশ্ববিদ্যালয় আবার খুলবে। কিন্তু যারা ঘটনা ঘটাল তারা আড়ালে থেকে যাবে। সব সময় শিক্ষার্থীদের ভীতি নিয়ে ক্লাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছেন তাঁরা। প্রতিবেদন পেলে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক মো. কেরামত আলীর মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি।