এক মাসেও প্রধান আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার মাদ্রাসাছাত্রী জেনি আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি জিসান হায়দার তাপুকে এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জেনির মা হাসিনা খানম গত শুক্রবার বলেন, জেনি নিহত হওয়ার পরদিন ২০ জুলাই তিনি বামনা থানায় জেনিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু পুলিশ মামলাটি ধর্ষণ ও আত্মহত্যার মামলা হিসেবে নেয়। অথচ জেনির ময়নাতদন্তের প্রতিবেদনে সিগারেটের আগুনে হাত, বুক ও গোপনাঙ্গ ঝলসে দেওয়া এবং অমানুষিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের বিশ্বাস, জেনিকে ধর্ষণ শেষে নির্মম নির্যাতন চালিয়ে তাপু ও তাঁর সহযোগীরা হত্যা করে লাশ ওড়না দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এখন বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং তাপুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে এর সত্যতা বেরিয়ে আসবে।এক মাসেও তাপু গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাসিনা বলেন, তাপুর পরিবার বিত্তশালী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় শুরু থেকেই তাঁরা মামলার তদন্তকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছেন।জেনির মৃত্যুর ঘটনায় পুলিশ গত ১৯ জুলাই তাপুর বাবা বামনার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বামনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হায়দার হেমায়েত মৃধা, মা মাকসুদা বেগম ও ফুফা সেলিম মিয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জেলহাজতে রয়েছেন। তবে ঘটনার পর থেকে তাপু পলাতক।এদিকে মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হচ্ছে।