এক মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র লোকজনের জন্য বরাদ্দ পাওয়া সরকারি ত্রাণের চাল বিতরণ করা হয়নি৷ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা যাচাই-বাছাই কাজে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে এ চাল বিতরণ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে ধরমপাশায় কালবৈশাখী আঘাত হানে৷ এতে চারজন নিহত ও ৩৫০ জন আহত হন৷ উপজেলার ১০টি ইউনিয়নের ১৩ হাজার ৩৭২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়৷ এ ছাড়া এক হাজার হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়৷ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ১১০ মেট্রিক টন চাল, চার লাখ ৯১ হাজার টাকা এবং ৯৭ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়৷
এক ফসলি এলাকা ধরমপাশায় বোরো ধান কাটার মৌসুম চলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন৷ আর এ কারণে গত ৬ মে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে ত্রাণের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়৷ ওই দিনই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়৷ সভায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়৷ ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা প্রশাসনের ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়৷ এ পর্যন্ত ৩৮ জন এ তালিকা জমা দিয়েছেন৷ অন্যরা তালিকা জমা না দেওয়ায় চাল বিতরণ শুরু করা হয়নি৷
ঝড়ে ক্ষতিগ্রস্ত সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের গৃহিণী ফুলবানু বিবি (৪৫) বলেন, ‘আইজ কাইল কইর্যা কইর্যা খালি দিন ফার অইতাছে৷ সরহারি সায্য আমরা কোনদিন ফাইয়াম?’
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা যথাসময়ে সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়া হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি বরাদ্দ পাওয়া চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে৷ এতে করে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে তাঁকে নানা কটু কথা শুনতে হচ্ছে৷
ধরমপাশায় পিআইওর অতিরিক্ত দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিল্লুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা অধিকতর যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তালিকা প্রদানে দেরি করছেন৷ এ কারণে চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না৷ যোগাযোগ করা হলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বিষয়টি তিনি খেঁাজ নিয়ে দেখবেন৷