বরগুনার আমতলী ও তালতলী—এই দুই উপজেলায় অষ্টম ও নবম শ্রেণির নয়টি বিষয়ের ২০ হাজার বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দুই উপজেলায় এ বছর বইয়ের চাহিদা ছিল ৩ লাখ। এর মধ্যে আমতলী উপজেলার ৪৪ বিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৪৫ এবং তালতলী উপজেলার ২৩টি বিদ্যালয়ে ৯৬ হাজার ৩৫৫টি বইয়ের চাহিদা ছিল। গত ১ জানুয়ারি দুই উপজেলায় ২ লাখ ৮০ হাজার বই বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থী সূত্র জানায়, এক মাস পেরিয়ে গেলেও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, হিন্দু ধর্ম ও নবম শ্রেণির বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও চারুকলা বিষয়ের বই পৌঁছেনি।
আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অন্দ্রিলা কুণ্ডু, সেঁজুতি, প্রেমি ও সাফিন আহম্মেদ বলে, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, উচ্চতর গণিত, জীববিজ্ঞান বই আমরা এখনো হাতে পাইনি। বই না পাওয়ায় পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে।
তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী সুমনা জাহান বলে, ‘এখনো ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পাইনি। অথচ শিক্ষাবর্ষের এক মাস চলে গেছে।’
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘সুষ্ঠুভাবে বই বিতরণ করা হলেও কয়েকটি বিষয়ের বই এখনো আমাদের হাতে পৌঁছেনি। বিষয়টি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা অচিরেই বই সরবরাহের আশ্বাস দিয়েছেন।’