এক মাসেও মূল আসামি সোহানের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নাসিম আহমেদ
নিহত নাসিম আহমেদ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্ত ইব্রাহিম সোহানের হদিস পায়নি পুলিশ। এ নিয়ে হতাশ নিহত নাসিমের পরিবার।
হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে নগরের চকবাজার থানার পুলিশ। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, মূল আসামি ইব্রাহিম সোহানসহ অন্যদের গ্রেপ্তারে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তঁাদের খোঁজ মিলছে না। আশা করি শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা যাবে। তিনি আরও বলেন, ঘটনার পরপরই ক্যাম্পাস থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেছেন। তিনি (সোহান) নিজের পকেট থেকে ছুরি বের করে তাঁর (নাসিম) মাথায়, ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন। গ্রেপ্তার করা পাঁচজনের মধ্যে তামিম ছাড়া বাকি চারজন নাসিমকে কিলঘুষি মেরেছেন। ক্যাম্পাসে তিন দফায় নাসিমকে মারধর করা হয়। এতে ১৫-২০ জন অংশ নেন।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। নাসিম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পর দিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, ইব্রাহীম সোহান, জয়নাল, সাইদ, উজ্জ্বল, আবিদ, তারেক, সায়েম ও সাইফুল। তাঁদের মধ্যে আশরাফ, তামিম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল ও গোলাম মোস্তফাকে ঘটনার দিন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর বিচারের দাবিতে নগরজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি মো. ইব্রাহিম সোহান ধরা না পড়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী আবু তাহের। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘ছেলে হত্যার বিচার চাই। যাতে আর কোনো বাবা ছেলেহারা না হন।’
এ দিকে ঘটনার দিন গ্রেপ্তার নাসিমের পাঁচ সহপাঠীকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু ঘটনার দায় স্বীকার করে কিংবা পুরো ঘটনার বর্ণনা দিয়ে কেউ আদালতে জবানবন্দিও দেননি। জানতে চাইলে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, রিমান্ডে গ্রেপ্তার করা পাঁচ আসামি পুলিশের কাছে স্বীকার করেছে, সোহান (সিসি ক্যামেরার ফুটেজে নাসিমকে ছুরিকাঘাত করতে দেখা যায়) অনুষ্ঠান পরিচালনার কর্তৃত্ব থেকে শুরু করে অতিথি নির্ধারণসহ সবকিছু নিজে করতে চান। এ নিয়ে সোহান ও নাসিমের মধ্যে কয়েক দফায় বাগ্বিতণ্ডা হয়। কিন্তু শেষ পর্যন্ত নাসিম অনুষ্ঠানের কর্তৃত্ব নিজের কাছে রাখেন। মূলত বিদায় অনুষ্ঠানে কার কর্তৃত্ব থাকবে এ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে নাসিমকে খুন করা হয় বলে জানান ওসি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নাসিম হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। শিগগিরই মূল আসামিরা ধরা পড়বে।