রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকায় হোমিও চিকিৎসক মোশাররফ হোসেন মৃধা (৩৫) হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এর কারণ উদ্ঘাটন করতে পারেনি। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার ছাড়া ওই হত্যার সঙ্গে জড়িত আর কাউকে চিহ্নিতও করতে পারেনি পুলিশ।
গত ৩১ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মোশাররফ হোসেন মৃধাকে কুপিয়ে হত্যা করে। ১ জানুয়ারি পুলিশ ওই হত্যায় জড়িত সন্দেহে জিহাদ সরদার (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তিনি চর বরাট কাঁচরন্দ গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) এ টি এম রফিক উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে জিহাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করা যাচ্ছে না।
মোশাররফের মামা আবদুর রশিদ মিয়া ও সহিদ মিয়া বলেন, পুলিশ এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের বের করতে না পারায় পরিবারের সবাই হতাশায় ভুগছেন।
এলাকার বাসিন্দা সূত্র জানায়, মোশাররফ হোসেনকে ৩১ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ওই রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে পরদিন ভোররাত সাড়ে চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির মামা আবদুর রশিদ মিয়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মোশাররফের স্ত্রী আফরোজা আক্তারের বাবা আবদুর রাজ্জাক বলেন, ‘নাতি মুশফিকা ইসলাম সব সময় বাবাকে খুঁজে বেড়ায়। আমি জামাতা হত্যার বিচার চাই।’