এক মাসেও সন্ধান মেলেনি ছাত্রদলের নেতা ফিরোজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম থেকে বরিশাল শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান ওরফে কালুর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বামীর ফিরে আসার প্রহর গুনছেন ফিরোজের স্ত্রী।গত ২৪ আগস্ট নগরের ডবলমুরিং থানাধীন ঈদগা বরফকল এলাকা থেকে নিখোঁজ হন ফিরোজ খান। ওই দিন বাসার অদূরে ওয়াপদা কলোনির মসজিদে মাগরেবের নামাজ পড়ে একটি চায়ের দোকানে যান তিনি। সেখান থেকে অজ্ঞাত পাঁচ-ছয় ব্যক্তি তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর থেকে ফিরোজ খানের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম ও বরিশালের বিএনপির নেতা ও ফিরোজের স্বজনদের দাবি, তাঁকে অপহরণের পর গুম করা হয়েছে। সরকারি সংস্থার লোকজন এ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ফিরোজের স্ত্রী আমেনা আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো স্বামীর জন্য অপেক্ষা করছি। তিনি বেঁচে আছেন, না কি মরে গেছেন, এটা জানতে পারছি না। আমরা তাঁর খোঁজ চাই। এ জন্য আমি চট্টগ্রামের ডবলমুরিং ও হালিশহর থানা এবং র‌্যাব-৭-এর কার্যালয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছি। কেউ আমাকে আমার স্বামীর সন্ধান দিতে পারছে না।’ ফিরোজের পারিবারিক সূত্র জানায়, নিখোঁজ হওয়ার পর বরিশালে তাঁর মায়ের মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি কয়েকবার কল দিয়েছিল। অজ্ঞাত ব্যক্তির ব্যবহূত ফোনের সিমটি একসময় ফিরোজ খান ব্যবহার করতেন। ওই সিম ব্যবহার করে ফিরোজ কেবল তাঁর মায়ের সঙ্গে কথা বলতেন।ফিরোজের স্ত্রী আমেনা এ প্রসঙ্গে বলেন, ‘আমার স্বামী এই সিমটি দিয়ে কেবল আমার শাশুড়ির সঙ্গে কথা বলতেন। চট্টগ্রামে নিখোঁজ হওয়ার দুই-তিন দিন পর ওই সিমটি চালু করে কে বা কারা আমার শাশুড়িকে প্রথমে মিসড কল দিতেন। এরপর ফিরতি কল দেওয়া হলে কেউ কথা বলত না। এভাবে তিন-চার দিন পেরিয়ে যায়। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি আমার শাশুড়ির কল ধরেছিল। লোকটির অবস্থান জানতে চাওয়া হলে কুমিল্লা বা ঢাকা আছে বলে বলত। পরে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি, বরগুনার আমতলা থেকে ওই সিম দিয়ে আমার শাশুড়ির সঙ্গে অজ্ঞাত লোকটি কথা বলেছিল। এই সিম ব্যবহার সম্পর্কে আমি স্থানীয় পুলিশকে জানিয়েছি।’ প্রসঙ্গত, বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতু খুনের মামলার প্রধান আসামি ফিরোজ খান। গত ২৪ মার্চ রাফসান খুন হন। এরপর বরিশাল থেকে স্ত্রী ও সন্তান নিয়ে পালিয়ে চট্টগ্রামে চলে আসেন ফিরোজ। গত ১৭ এপ্রিল ফিরোজের মা ফিরোজা বেগম বরিশালে সংবাদ সম্মেলন করে তাঁর দুই ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেছে বলে দাবি করেন।