এক মাসেও হাইকোর্টের আদেশ পৌঁছেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস পেরিয়ে গেলেও বিচারিক আদালতে হাইকোর্টের আদেশ পৌঁছেনি, তাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য-জেরা আবার পিছিয়েছে। ৫ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার ধার্য তারিখে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ৩, ৪, ২২ ও ২৩ ডিসেম্বর এ মামলার সাক্ষ্য-জেরার জন্য দিন ধার্য ছিল। প্রতিবারই একই কারণে একের পর এক তারিখ ধার্য করেন আদালত।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচার কার্যক্রম চলছে। গত ৩০ সেপ্টেম্বর জজ মিয়া আদালত সাক্ষ্য দেন। আসামি উজ্জল ওরফে রতনের পক্ষে জজ মিয়ার সাক্ষ্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট শুনানি শেষে ২৩ সেপ্টেম্বর রিভিশন আবেদন নিষ্পত্তি করে দেন। ওই আদেশ বিচারিক আদালতে না পৌঁছানোর কারণে আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে।
এ বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট বেশ কিছু নির্দেশনাসহ আবেদন নিষ্পত্তি করে দেন। কিন্তু ওই আদেশের সত্যায়িত কপি আসামিপক্ষ এখন পর্যন্ত পায়নি। এ কারণে সাক্ষীকে জেরার জন্য সময় চাওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষেÿএ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, হাইকোর্টের আদেশ না পাওয়ায় আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত তা মঞ্জুর করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২২ জন নেতা-কর্মী নিহত এবং কয়েক শ আহত হন।