এক মাসেও ৫৮ লাখ টাকার কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনে তল্লাশিকালে ইলিয়াছ ভুঁইয়া নামের এক যুবকের কাছ থেকে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনার এক মাস আজ শুক্রবার পূর্ণ হলেও টাকার উৎস ও গন্তব্যের কিনারা হয়নি।
রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুই তদন্ত কমিটি গঠন করলেও শেষ হয়নি তদন্ত। বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ঘটনায় অর্থ পাচার আইনে করা মামলা তদন্ত করছে। সেই তদন্তেও কোনো কূল-কিনারা হয়নি এক মাসেও।
আসামি ইলিয়াছকে গত বুধবার থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদে তিনি মুখ খুলছেন না বলে তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মত।
গত ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তির মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ওই টাকাসহ আটক করে পুলিশ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানা পুলিশ ৫৪ ধারায় তাঁকে আটক করে। পরে অর্থ পাচার আইনে তাঁকে আসামি করে মামলা করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেন গত বুধবার বিকেলে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে জানান, হরতাল, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কয়েকজন কর্মকর্তাকে না পাওয়া ও নানা ব্যস্ততায় তদন্তে একটু সময় লাগছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ শাখার ২০ কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে। অভিযোগ ওঠা ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদ, নুর চৌধুরীসহ বাকিদের সাক্ষ্য নেওয়া হবে।
এদিকে ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত হয়নি। জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, পুলিশ রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল। কিন্তু মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় দুদকই তদন্ত করছে।
দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া জানান, ইলিয়াছকে রিমান্ডে এনে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করলেও টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে মুখ খুলছেন না।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে জানান, টাকাগুলো ইলিয়াছ তাঁর দাবি করলেও এক মাসেও কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। অন্য কোনো দাবিদারও আসেননি টাকাগুলোর জন্য। এতে সহজেই বোঝা যায় এগুলো ঘুষ কিংবা অন্য কোনো অপরাধ সংঘটনের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। তদন্তে দুদক কী করে, সেটিই দেখার অপেক্ষায় সবাই।