এক মাসের কাজ তিন মাসেও শেষ করতে পারেনি ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের এক কিলোমিটারের সংস্কারকাজ এক মাসের মধ্যে করার কার্যাদেশ পেয়ে ঠিকাদার তিন মাসেও শেষ করতে পারেননি। কাজ শুরুর পরপরই বৃষ্টির অজুহাত দেখিয়ে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন। সড়কটি সংস্কার না হওয়ায় লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া পৌর এলাকার আরও অনেক সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পৌর এলাকার ভাষাশহীদ আবদুল জব্বার চত্বর থেকে শিবগঞ্জ রোড পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ছয় লাখ ১৬ হাজার ৬০০ টাকায় মেরামতের জন্য ময়মনসিংহের মেসার্স ইকরামুল হক টিটু নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ করতে এক মাসের সময় দেওয়া হয়। ২৩ জুলাই কাজ শেষ করার মেয়াদ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখনো কাজ শেষ করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজ শুরু করার পরপরই তা বন্ধ করে দিয়েছে। পৌরবাসীর অভিযোগ, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। শহরের শিবগঞ্জ সড়ক, হাসপাতাল সড়ক, জামতলা মোড় সড়ক, কলেজ রোড, শাহ মিছকিন সড়ক, চামড়াগুদাম সড়কসহ বিভিন্ন মহল্লার সড়কগুলোতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ও জনসাধারণের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব খানাখন্দে যানবাহন উল্টে বা আটকে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী আয়েশা খাতুন বলেন, রিকশায় উঠি না গর্তে রিকশা উল্টে যাওয়ার ভয়ে, আর হাঁটতে গিয়েও পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে থাকতে হয়। পাবলিক হল মোড়ের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, রাস্তায় চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়েছে। গফরগাঁও পৌরসভার মেয়র মুনজুর মিয়া জানান, পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো সওজের নিয়ন্ত্রণে। আর তাই এসব সড়ক রক্ষণাবেক্ষণে পৌরসভার কিছু করার থাকে না। আর পৌরসভার নিয়ন্ত্রণাধীন ক্ষতিগ্রস্ত সড়কগুলো বরাদ্দ পাওয়া সাপেক্ষে মেরামত করা হবে।সওজ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী খায়রুল ইসলাম খান জানান, ওই সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘কাজ শুরুর পরপরই বৃষ্টির কারণে তা বন্ধ করে দিতে হয়েছে। এ সপ্তাহেই কাজ শুরু করে যত শিগগির সম্ভব তা শেষ করা হবে।’