এক মাসের বেতনও মেলেনি, তবে পদোন্নতি
সহকারী শিক্ষক হিসেবেই কোনো বেতন হয়নি। অথচ তাঁকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে প্রধান শিক্ষক হিসেবে তাঁর বেতন-ভাতা দেওয়ারও সুপারিশ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। ময়মনসিংহের ফুলপুর উপজেলার আশ্বিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে (সদ্য জাতীয়করণ) এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য হয় ২০০৯ সালে। সহকারী শিক্ষক পদে এখলাছ উদ্দিন নামে এক ব্যক্তি ২০১২ সালের ২১ মে যোগদান করেন। তাঁকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দিয়ে ওই পদের বেতন স্কেল প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মতিন বলেন, প্রধান শিক্ষক না থাকায় ওই সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এখলাছ উদ্দিন বলেন, ২০১২ সালের ২১ মে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি কোনো বেতন-ভাতা পাননি। প্রধান শিক্ষক না থাকায় তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি নিয়েছেন।
তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বর্তমানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, ‘কমিটি এখলাছ উদ্দিনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়েছে, তাই আমিও দিয়েছি। প্রধান শিক্ষক হিসেবে বেতন-ভাতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। একটু এদিক-সেদিক তো হয়েই গেছে।’