চাতাল, মিল মালিক ও ধান-চালের বড় ব্যবসায়ীরা এক মাসের বেশি সময় পণ্য মজুদ করে রাখতে পারবেন না। সরকার এ ব্যাপারে সব জেলায় প্রয়োজনীয় নির্দেশনা পাঠাচ্ছে।গতকাল বুধবার সংসদ ভবনে খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক সভায় যোগ দেন। সভায় চালের দাম বাড়া নিয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটি যেকোনো মূল্যে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। সরকারি চালের মজুদ ‘সন্তোষজনক’ উল্লেখ করে মন্ত্রণালয় থেকে বলা হয়, সংকটের কারণ হচ্ছে মজুদদারি। অনেক চাতাল মালিক ও বড় ব্যবসায়ী বেশি মুনাফার লোভে প্রচুর ধান-চাল মজুদ করে রেখেছেন।সভায় মজুদদারি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে দ্রুততম সময়ে মজুদদারিবিরোধী আইন প্রণয়নের সুপারিশ করা হয়। এ ছাড়া দাম নিয়ন্ত্রণে রাখার জন্য খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও ফেয়ার প্রাইস কার্ড বিতরণ ইত্যাদি কাজ তদারকে পরিদর্শক দল গঠনের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দিতে বলা হয়। পরিদর্শক দল ঠিকমতো কাজ করছে কি না, তা দেখতে গোয়েন্দা বিভাগের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেয় কমিটি।চাতাল ও মিল মালিক এবং বড় ব্যবসায়ীদের মজুদদারি ঠেকাতে এ ক্ষেত্রে ঋণসীমা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, চালের দাম যেকোনো মূল্যে সহনীয় পর্যায়ে রাখতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনে সংসদের আগামী অধিবেশনেই মজুদবিরোধী আইন পাস করা হতে পারে।ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রীর পাশাপাশি আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, সালেহা মোশারফ, জাফর আলী, মোজাহার আলী প্রধান, আকরাম হোসেন চৌধুরী ও ইকবালুর রহিম যোগ দেন।