এক মাসের বেশি সময় ধরে যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় এক মাসের বেশি সময় ধরে নওগাঁর আত্রাই উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রতিদিন উপজেলার মানুষকে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।
গত আগস্ট মাসের শেষ দিকে নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। ২৩ আগস্ট বৃষ্টিতে ছোট যমুনা নদীর পানির তোড়ে আত্রাই উপজেলার মিরাপাড়া এলাকায় আত্রাই-নওগাঁ সড়কের প্রায় ৩০০ ফুট রাস্তা ভেঙে যায়। এতে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে উপজেলার মির্জাপুর বাজার থেকে শাহাগোলা হয়ে বিকল্প পথে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু ওই রাস্তাও বন্যার পানিতে তলিয়ে আবার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে আত্রাই উপজেলার লোকজন প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে রানীনগর উপজেলার আবাদপুকুর বাজার হয়ে জেলা সদরে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা যায়, ওই সড়কে পানি কমে গেছে। কিন্তু এটি ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।
আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, জরুরি কাজে প্রতিদিন উপজেলার অসংখ্য মানুষকে জেলা সদরে যেতে হয়। বিকল্প সড়ক দিয়ে যাতায়াতের কারণে একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে সময় লাগছে বেশি।
ওই সড়কে চলাচলকারী অটোরিকশাচালক টুটুল হোসেন বলেন, সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকায় তাঁর মতো অনেকের আয় কমে গেছে। অনেকে রেলপথে সান্তাহার জংশন স্টেশন হয়ে নওগাঁয় যাতায়াত করছে।
নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়ার বলেন, সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। সেটি অনুমোদিত হলে দরপত্র আহ্বান করা হবে।