ও আমার প্রেমিকাকে ডিসটার্ব করেছে। আমার দল ক্ষমতায়, আমি তো মারবই—এ বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদের। ছাত্রদলের একই হল শাখার যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে মারধরের কারণ প্রসঙ্গে অকপটে এ কথাগুলো বলেন তিনি।
এক মাসের ব্যবধানে গতকাল সোমবার দ্বিতীয় দফায় রাব্বী হাসানকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র আসিফের নেতৃত্বে ছাত্রলীগের তিন কর্মী লাঠি ও বেল্ট দিয়ে তাঁকে মারধর করেন।
আসিফ জানান, গেল পয়লা বৈশাখে তাঁর প্রেমিকাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান রাব্বী। বার্তাটি তাঁর কি না, জানতে চাইলে রাব্বী অস্বীকার করেন। গতকাল বিকেলে রাব্বীকে ওই মিলনায়তনের সামনে আসতে বলা হয়। আসার পর যে নম্বর থেকে খুদে বার্তাটি এসেছে, সেই নম্বরে কল করলে রাব্বীর মুঠোফোন বেজে ওঠে। এরপর তাঁরা চারজন তাঁকে পেটান।
খবর পেয়ে রাব্বীর কয়েকজন বন্ধু এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তাঁর অবস্থা গুরুতর নয়। তবে এক্স-রে করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।’
অন্যদিকে খুদে বার্তা পাঠানোর কথা অস্বীকার করে রাব্বী বলেন, ‘ও আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগে মারধর করেছে।’
গত ১৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম ওরফে বিপুলের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী রাব্বীকে মারধর করে হল থেকে বের করে দেন। এর পর থেকে তিনি শহীদ রফিক-জব্বার হলে থাকছেন।