এক মাসের মধ্যে আলুর দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে আলুর দাম বেড়ে যাবে। আলুর ফলন বেশি হওয়ায় কৃষকেরা বিপদে পড়েছেন বলে মনে করা হলেও এটা ঠিক নয়।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী এ কথা বলেন। বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব হয়।
আলুর চাষ ও কৃষকদের দুরবস্থা-সম্পর্কিত জাসদের নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, দেশের বর্তমান আবহাওয়ায় দেশীয় পদ্ধতিতে মাচা তৈরি করে তিন মাস পর্যন্ত আলু সংরক্ষণ করা সম্ভব। তিনি বলেন, প্রতিবছরই আলুর ফলন নিয়ে একই সমস্যা হচ্ছে। সমস্যা মোকাবিলায় আলু রপ্তানির ব্যবস্থা নেওয়া হয়েছে। চিপস বানানোর জন্য বিশেষ জাতের আলুর চাষ এখন দেশে হচ্ছে, যে কারণে চিপস আমদানি কমে গেছে। সরকারের প্রণোদনায় বেসরকারি উদ্যোগে ৭০০ কনটেইনার আলু রাশিয়ায় যাচ্ছে। দিনে দিনে রপ্তানি আরও বাড়ছে।
কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষুধার জ্বালা সইতে রাজি নই, তবে প্রাচুর্যের বিড়ম্বনা সইতে রাজি। জনগণকে ভাতের বদলে আলু খাওয়ার মতো আহম্মকি পরামর্শ দেব না। তবু আল্লাহর কাছে বলব, আরও আলু দাও।’
শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা নেই: শহীদ বুদ্ধিজীবী-সম্পর্কিত আওয়ামী লীগের এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা মন্ত্রণালয়ে নেই। তবে তালিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে।
আওয়ামী লীগের ছবি বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব শ্রেণীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য ‘বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি’ প্রবর্তন করা হয়েছে। ২০১২ সালে যারা এইচএসসি পাস করেছে, তাদের প্রথম ব্যাচ ধরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাসিক এক হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ওপর দেশের অভ্যন্তরে পিএইচডি করার জন্য প্রতিবছর দুজনকে এ বৃত্তি দেওয়া হবে।
সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় পাঁচটি উপজেলায় ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ৫৮টি উপজেলায় নির্মাণকাজ চলমান আছে। এক হাজার ৭৮ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই প্রকল্প ২০১৫ সালের জুনে শেষ হবে।
একই দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি হরতাল ও অবরোধে সারা দেশে নির্বিচারে গাছ নিধনের ঘটনা ঘটেছে। গত এক বছরে বন বিভাগের ১৪ হাজার ২৭০টি গাছ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। এ বিষয়ে সারা দেশে ১৪২টি মামলা হয়েছে। বন বিভাগ ছাড়াও সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন এনজিওর বিপুল পরিমাণ গাছ কাটা হয়েছে। তিনি গাছ নিধনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনের বিধান আরও কঠোর করা যেতে পারে বলে মত দেন।