এক মাসের মধ্যে এনসিটির দরপত্রের প্রাথমিক প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগে দরপত্র আহ্বানে বিলম্বের কথা স্বীকার করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৩১ মার্চের মধ্যে এই টার্মিনালের দরপত্র আহ্বান অর্থাৎ প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে। এ জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দরপত্র দলিল অনুমোদন দেওয়া হবে। গতকাল বুধবার সার্কিট হাউসে বন্দর উপদেষ্টা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী বলেন, বন্দর থেকে পানগাঁও কনটেইনার টার্মিনালে কনটেইনার আনা-নেওয়ার জন্য ৩২টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছে। এই টার্মিনালে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। এ বছরের মধ্যে পানগাঁও টার্মিনাল সচল হবে বলে তিনি জানান।এর আগে সার্কিট হাউসে বেলা সোয়া ১১টা থেকে সোয়া দুইটা পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪৭ সদস্যবিশিষ্ট বন্দর উপদেষ্টা কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, সামসুল হক চৌধুরী, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমোডর নিজামউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।