পাঁচ মাস ধরে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ
এক মাসের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা
কয়লার মজুত কম থাকায় আগামী এক মাসের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। ওই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির জোগানদাতা বড়পুকুরিয়া কয়লাখনিতে পাঁচ মাস ধরে উত্তোলন বন্ধ থাকায় এমন আশঙ্কা দেখা দিয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রের দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। পাশের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ওই কয়লার জোগান দেওয়া হয়। কিন্তু চলতি বছরের ২০ জুন কয়লাখনির ১২০৫ নম্বর ফেজে পানি ঢুকে পড়ায় খনিমুখ জলাধারে পরিণত হয়। ফলে কর্তৃপক্ষ ওই ফেজে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়। পরে প্রকৌশলীরা
কয়লা উত্তোলন স্বাভাবিক রাখতে নতুন ১২১২ নম্বর ফেজ তৈরির কাজ শুরু করেন। কিন্তু এর উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। ফলে আগামী দুই মাসেও এ ফেজ থেকে কয়লা উত্তোলন স্বাভাবিক হবে না বলে ধারণা করা হচ্ছে।
তবে বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের মহাব্যবস্থাপক (মাইনিং অ্যান্ড অপারেশন) হাবিব উদ্দিন আহমেদ দাবি করেন, এক মাসের মধ্যে নতুন ফেজে কয়লা উত্তোলন সম্ভব হবে। ফলে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহে আর কোনো বাধা থাকবে না।
এদিকে খনির কয়লা উত্তোলনকাজে নিয়োজিত তিন-চারজন প্রকৌশলী জানান, কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে মজুত কয়লার পরিমাণ এক লাখ মেট্রিক টন। যা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কারণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন খনি ইয়ার্ড থেকে এক হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হচ্ছে। বাকি চাহিদা পূরণ হচ্ছে তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব মজুত থেকে। এ ছাড়া কিছু কয়লা খোলাবাজারে বিক্রি করা হয়। ফলে মাস খানেকের মধ্যেই ওই মজুত শেষ হয়ে যাবে। তখন কয়লার সংকট চরম আকার ধারণ করবে। এ অবস্থায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা না হলে বন্ধ হয়ে যেতে পারে তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে।
এ ব্যাপারে ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) হারুনুর রশীদ সিদ্দিকী গতকাল শুক্রবার বলেন, মূলত বড়পুকুরিয়া কয়লাখনির ওপর ভিত্তি করেই এ তাপবিদ্যুৎকেন্দ্রটি গড়ে উঠেছে। বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্রে ৩০ হাজার মেট্রিক টনের মতো কয়লা মজুত আছে। এই মজুত দিয়ে আর এক মাস বিদ্যুৎ উৎপাদন চলবে বলে তিনি দাবি করেন। তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি-সংকট নিরসনের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে। এ থেকে অনুমান করা হয় ওই খনি থেকে কয়লা উত্তোলন আরও বিলম্বিত হতে পারে।