ভোলা খালের দুই পাড় আগামী এক মাসের মধ্যে দখলদারমুক্ত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, খালটি পুনঃখনন করতে হবে, যাতে ব্যবসায়ীদের মালামাল নিয়ে নৌযান শহরের মধ্যে ঢুকতে পারে।
গতকাল শনিবার ভোলা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে তোফায়েল আহমেদ জেলা প্রশাসনকে এ নির্দেশ দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোলা খালের দুই পাড় যাঁরা অবৈধভাবে দখল করেছেন, আমি ডিসি এবং পুলিশ সুপারকে নির্দেশ দিচ্ছি, আগামী এক মাসের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। সব অবৈধ স্থাপনা সরাতে হবে। ভোলা খালকে পুনঃখনন করতে হবে, যাতে ব্যবসায়ীরা নৌকায় করে মালামাল আনা-নেওয়া করতে পারে।’
‘ভোলা খালের জন্য গোপন কান্না’ শিরোনামে একটি প্রতিবেদন গত ২৪ ডিসেম্বর প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত হয়। তাতে শহরটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে খালটির শহর অংশের পুরো ১২ কিলোমিটারকে নৌযান চলাচলের উপযোগী করে তুলতে শহরবাসীর আর্তি ফুটে ওঠে। এর আগে একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে খালটি দখলমুক্ত করতে হাইকোর্টও নির্দেশ দেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় নদীভাঙন রোধে ইতিমধ্যে ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভোলায় যাতে কোনো কাঁচা রাস্তা না থাকে, সে জন্য একটি উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৬৫ কোটি টাকা, যা একনেকে অনুমোদিত হয়েছে।
মন্ত্রী বলেন, ভোলার গ্যাস উত্তোলন করার জন্য রাশিয়ার কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীরাও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। ভোলা হবে শিল্পনগরী। ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা।
নিজের দুটি স্বপ্নের কথাও তুলে ধরেন তোফায়েল আহমেদ। একটি হলো ভাঙন প্রতিরোধ, অন্যটি ভোলা-বরিশাল সড়ক। ভোলা-বরিশাল সড়ক নির্মাণের জন্য এক-দুই সপ্তাহের মধ্যে পিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) শেষ হবে। তারপর একনেকে উঠবে তা। ভোলা-বরিশাল সেতু হওয়ার পরে, ভোলা-ঢাকা সড়ক হয়ে গেলে ভোলা মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হবে।
জেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলে অভিষেক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব এম মোকাম্মেল হক।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজমকে সংবর্ধনা দেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।