এক মাসের মধ্যে নদী দখল উচ্ছেদের নির্দেশ
নদী দখল উচ্ছেদ এবং দখলকারীদের বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নদী দখলকারীদের গ্রেপ্তার করতেও বলা হয়েছে।গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নদ-নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত টাস্কফোর্সের সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়। সভা শেষে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা জানান।এ ছাড়া নদীর সঙ্গে যুক্ত স্যুয়ারেজ লাইন বন্ধ করতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে সেপটিক ট্যাংক করার পরামর্শ দেওয়া হয়েছে।সভায় যশোরের হাকর নদ দখলমুক্ত করে এর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। হবিগঞ্জের সোনাই নদ ভরাট করে সায়হাম ফিউচার কমপ্লেক্স করার বিষয়েও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।