এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি
দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীদের জন্য আগামী এক মাসের মধ্যে অভিন্ন নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মহাসমাবেশে নেতারা এ দাবি জানান।
ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকারি কর্মকর্তা, বিচার বিভাগ, আইন পরিষদসহ সরকারের বিভিন্ন স্তরে বেতন-ভাতা বৃদ্ধির ফলে গণমাধ্যমকর্মীরা বেতনবৈষম্যের শিকার হয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে নেতারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে সরকারকে হুঁশিয়ার করেন।
একই সঙ্গে নেতারা জনকণ্ঠ, যায়যায়দিন, ভোরের পাতা, ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বোনাস প্রদান, চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা টাকা পরিশোধ ও প্রতিটি গণমাধ্যমে কর্মরতদের চাকরির নিয়োগপত্র প্রদানেরও দাবি জানান।
নেতারা দৈনিক বর্তমান ও ডেসটিনির মালিক-সম্পাদকদের মুক্তি দাবি করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের বিচারে দ্বিমত নেই। কিন্তু বিনা বিচারে তাঁদের বছরের পর বছর কারাগারে আটক রাখায় ওই দুটি প্রতিষ্ঠানের কর্মীরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
মনজুরুল আহসান বুলবুল তাঁর বক্তব্যে বলেন, ওয়েজ বোর্ড শুধু বেতন-ভাতার বিষয় নয়, এটি গণমাধ্যমকর্মীদের মর্যাদারও বিষয়। তিনি নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি আদায়ে ডিইউজের প্রতিটি ইউনিটকে শক্তিশালী ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু প্রমুখ।