এক মাসের মধ্যে পীরগঞ্জ পৌর এলাকা মাদকমুক্ত করার ঘোষণা মেয়রের
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর এলাকা এক মাসের মধ্যে মাদক ও সব ধরনের অসামাজিক কার্যকলাপমুক্ত করা হবে বলে পীরগঞ্জ
পৌরসভার নবনির্বাচিত মেয়র কশিরুল আলম ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন তিনি।
গতকাল বেলা ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, পুলিশসহ কমিটির সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বক্তব্য দেওয়ার সময় পৌর এলাকা মাদকমুক্ত করার ব্যাপারে মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। পরে মেয়র কশিরুল আলম তাঁর বক্তব্যে আগামী এক মাসের মধ্যে পৌর এলাকা মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপমুক্ত করা হবে বলে ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘আমি এর আগেরবার মেয়র থাকাকালে এলাকাকে মাদকমুক্ত করে সাধারণ মানুষের মাঝে শান্তি এনে দিয়েছিলাম। আমি আবার মেয়র হয়েছি। এবারও আমি মাদকের বিরুদ্ধে আমার সর্বশক্তি নিয়োগ করব।’
সভায় উপস্থিত একাধিক সদস্য ও প্রত্যক্ষদর্শী বলেন, মেয়র কশিরুল আলমের ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌর কমান্ডার মো. নুরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমি পৌর মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানাই। আমি মেয়রের এই সাহসী পদক্ষেপের সঙ্গে সার্বক্ষণিক উপস্থিত থেকে আইনি সহায়তা দিতে চাই।’