চা-বিক্রেতা বাবুল হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচার আইনের আওতায় এনে এক মাসের মধ্যে বিচার শেষ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তেলের আগুনে চা-দোকানির মৃত্যু একটি চাঞ্চল্যকর ঘটনা। মানুষ যার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত। অবিলম্বে এই মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এক মাসের মধ্যে বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। তিনি বলেন, ফৌজদারি আইনে ৩০২ ধারায় এফআরআই (এজাহার) দায়ের করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার আইনের শাসনে বিশ্বাস করে তা জনগণের সামনে প্রমাণ করার আহ্বান জানান সুরঞ্জিত।
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি চিত্তরঞ্জন দাস।