এক মাসের মাথায় ফের সেতুর পাটাতন ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজাবাজার এলাকায় ধলাই নদের ওপরের বেইলি সেতুর পাটাতন মেরামতের এক মাসের মাথায় গত মঙ্গলবার রাতে ফের ধসে পড়েছে। এতে পূর্বধলা ও সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এর আগে গত ১৭ নভেম্বর সেতুটি ভেঙে পড়লে ১৫ দিন সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এ নিয়ে গত ছয় মাসে সেতুটি তিনবার ভেঙে পড়ল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে অতিরিক্ত কয়লা বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭২৯৫) মঙ্গলবার রাতে দীর্ঘ দিনের ঝুঁকিপুর্ণ ওই সেতু পার হচ্ছিল। ট্রাকটি সেতুর শেষ প্রান্তে পৌঁছালে দুটি পাটাতন ধসে এটি পড়ে যায়। এতে সেতুর দুই দিকে অনেক যানবাহন আটকে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকাসহ সারা দেশের সঙ্গে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ। এ কারণে ওই দুই উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। প্রায় এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ সেতুটি সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ঝালাই দিয়ে জোড়াতালির মাধ্যমে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেতুর দুই দিকে ‘ঝুঁকিপূর্ণ সেতু, পাঁচ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ ব্যাপারে নেত্রকোনা সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাঈদ উদ্দিন বলেন, সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যেই যানবাহন চলাচলের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।