এক মাসের মুক্তিযোদ্ধা ভাতা পদ্মাসেতুতে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে সারা দেশের মুক্তিযোদ্ধাদের এক মাসের ভাতার টাকা প্রদানের আহ্বান জানানো হয়েছে। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান।
দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধকালীন ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ফিল্ড কমান্ডার ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি জসিম উদ্দিন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এটি অনন্য দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় আমরা মুক্তিযোদ্ধারা আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি। মুক্তিযোদ্ধাদের এক মাসের ভাতার টাকা পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দান হিসেবে দিতে পারি।’
ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাসেম আলী বলেন, বর্তমানে সারা দেশে ১ লাখ ৬০ হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন। ১ মাসের ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা দিলে ১৬০ কোটি টাকা হবে। এই টাকা পদ্মা সেতু নির্মাণে সহায়ক হবে। ইতিমধ্যে ফতেপুর ইউনিয়নের ৫৪ জন মুক্তিযোদ্ধা ১ মাসের ভাতার টাকা দেওয়ার জন্য একমত হয়েছেন। এ বিষয়ে উপজেলা, জেলা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিবাচক ভূমিকা রাখলে এ উদ্যোগ সফল হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযোদ্ধাদের ১ মাসের সম্মানী ভাতার টাকা এমন কিছু নয়। যখন ৩০০, ৫০০ এবং ৫ হাজার টাকার সম্মানী ভাতা ছিল, তখনো মুক্তিযোদ্ধাদের জীবন-জীবিকা চলেছে। তাই ১ মাসের সম্মানীর টাকা পদ্মা সেতুর স্বার্থে দিলে তেমন কোনো অসুবিধা হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু মুসা ও আবদুল মজিদ, ডেপুটি কমান্ডার ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোজাহার মোল্যা, আইয়ুব আলী, সাইদুর রহমান, কাওছার আলী মোল্লা, সাঈদ হোসেন,
মো. হাদী প্রমুখ।