এক মােসই আগের চেহারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের এক মাস না পেরোতেই ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়ক আবারও পুরোনো চেহারায় ফিরে গেছে। গত জুলাই মাসের শুরুতে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) নামমাত্র সংস্কারকাজ করে বলে এলাকাবাসীর অভিযোগ। আবারও সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় সাধারণ লোকজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কটি খানাখন্দ আর ছোট-বড় গর্তে ভরা। যানবাহনও চলছে খুব ধীরগতিতে। অনেক স্থানে ইটের খোয়া উঠে যাওয়ায় জমে আছে বৃষ্টির পানি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সওজ লোক দেখানো কাজ করিয়ে বিল তুলে নিয়েছে। কিন্তু রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই এখনো ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
ঢাকা-দোহার সড়কের কার্তিকপুর বাজার, চর কুশাই, মৈনটঘাট, করিমগঞ্জ, লটাখোলা, থানার মোড়, মেঘুলা, নারিশা, মুকসেদপুর এলাকায় রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। একই অবস্থা নবাবগঞ্জ অংশের নবাবগঞ্জ বাজার, বাগমারা, কোমরগঞ্জ, ঋষিপাড়া, আগলা ও টিকরপুর সড়কে। সড়কের বেহাল অবস্থা নিয়ে গত জুন মাসের শেষ দিকে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এর পরই সওজ সড়কে সংস্কারকাজ করে।
দোহারের কার্তিকপুরের বাসিন্দা জামাল হোসেন বলেন, কয়েক বছর ধরেই ঢাকা-দোহার সড়কটি খানাখন্দে ভরা। অটোরিকশায় মাত্র পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে উপজেলা সদরে পৌঁছতে এক ঘণ্টা সময় লেগে যায়। ওই সড়কে চলাচল করা রোগী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। জরুরি ভিত্তিতে সড়কটি সঠিকভাবে মেরামত করা জরুরি।
নবাবগঞ্জের টিকরপুরের বাসিন্দা আসলাম খান বলেন, রাস্তা সংস্কারের নামে লুটপাটের মহোৎসব চলছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা না করে এক শ্রেণির ঠিকাদার ও সওজের লোকজন রাস্তায় লোক দেখানো কাজ করছেন। খানাখন্দে ভরা সড়কে ধীরগতিতে চলতে গিয়ে বিভিন্ন যানবাহনকে ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়তে হচ্ছে।
সওজের মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন বলেন, ঈদের আগে লোকজনের চলাচলে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল। শিগগিরই দরপত্র আহ্বান করে এসব রাস্তায় স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।