এক মায়ের মৃত্যুতে থেমে গেল প্রচারণা
লালমনিরহাট পৌরসভা এলাকায় আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচার বন্ধ ছিল। কোনো মাইকিং হয়নি, করা হয়নি গণসংযোগ। এলাকা জুড়ে ছিল শোকের ছায়া। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর রিয়াজুল ইসলামের মা রোকেয়া বেগম মারা গেছেন। এ মৃত্যুতে শোক প্রকাশ করে আজ সব ধরনের প্রচার কাজ বন্ধ রাখলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীসহ সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী।
শুধু তা-ই নয়, এ প্রার্থীদের অনেকেই খবর পেয়ে ছুটে গেছেন মা হারানো ওই প্রার্থীর বাসায়। তাঁকে সমবেদনা জানিয়েছেন। মায়ের জানাজায় অংশ নিয়েছেন। মায়ের কবরে দিয়েছেন মাটি। এভাবে এক মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও মায়ের প্রতি এ সম্মান জানানোর কথা এখন পৌরসভার মানুষের মুখে মুখে।
স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোরে রিয়াজুল ইসলামের মা রোকেয়া বেগম (৬৯) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের মৃত্যুতে রিয়াজুল আজ নিজের নির্বাচনী প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপর তাঁর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর পাঁচ মেয়র প্রার্থীসহ ৫৬ জন কাউন্সিলর এবং ১৫ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজ সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখেন। অনেকেই সমবেদনা জানাতে মেয়রপ্রার্থী রিয়াজুলের বাসায় যান।
আজ বিকেল সাড়ে চারটার দিকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে রিয়াজুলের মায়ের জানাজা হয়। বিকেলে লালমনিরহাট শহরের নামাটারীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানতে চাইলে বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম ওয়াহিদুল হাসান প্রথম আলোকে বলেন, মেয়র প্রার্থী রিয়াজুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও সম্মান জানানোর জন্য আমরা আজ পূর্ব নির্ধারিত মাইকিং এবং গণসংযোগ কার্যক্রম বন্ধ রেখেছি।
সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী খাদিজা আক্তারসহ বেশ কয়েকজন কাউন্সিলর সাংবাদিকদের বলেন, মায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনী প্রচার বন্ধ রাখা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রিয়াজুল প্রথম আলোকে বলেন, ‘আমার মায়ের মৃত্যুতে শোক জানিয়ে সব প্রার্থী নির্বাচনী প্রচার কাজ বন্ধ রেখেছেন। পাশে থেকে আমাকে সমবেদনা জানিয়েছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তাঁদের আমি ধন্যবাদ জানাই।’
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘একজন মায়ের মৃত্যুতে তাঁর সন্তানতুল্য প্রতিদ্বন্দ্বী পাঁচ মেয়র প্রার্থীসহ অন্য প্রার্থীরা আজ নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন। মায়ের প্রতি সম্মান জানিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন। এটা অনন্য দৃষ্টান্ত।’