এক মিনিটে সমাধান হবে না: সুরঞ্জিত
এক মিনিটের চমকে বর্তমান সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় ড. কামাল হোসেনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। নৌকা সমর্থকগোষ্ঠী এই আলোচনা সভার আয়োজন করে।
‘প্রধানমন্ত্রী চাইলে এক মিনিটে সমস্যা সমাধান হবে’—ড. কামাল হোসেনের এমন মন্তব্যের জবাবে সুরঞ্জিত সেন বলেন, ‘সংসদ যেমন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়। আবার সংসদই নির্ধারণ করে কখন প্রধানমন্ত্রী বিদায় নেবেন। তাই এক মিনিটেই সমস্যার সমাধান সম্ভব নয়।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে কি হবে না, সে বিষয়ে মতামত দেবে বা দাবি জানাবে বিরোধী দল। আলাদিনের প্রদীপের মতো এক মিনিটে সমাধানের দরকার নেই।
বিরোধী দলের আন্দোলনকে হূদয়হীন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘স্বাধীনতার পর এমন হূদয়হীন, অমানবিক ও অশালীন রাজনীতি কখনো দেখিনি। কার গাড়িতে কখন পেট্রলবোমা, গান পাউডার ও ককটেল মারা হবে, সেটা কেউ জানে না। মানুষ বর্তমানে এক আতঙ্কিত পরিবেশে রয়েছে।’
আজকের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নৌকা সমর্থকগোষ্ঠীর উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিম। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি মোহাম্মদ শাহিন ও হুমায়ুন কবির।