এক মুঠোফোন কাড়ল তিন ভাইয়ের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের একটি বাড়ি। গতকাল রোববার রাত ১১টা। প্রকৃতির ডাকে শৌচাগারে গেলেন বাড়িটির বাসিন্দা উপেন্টু চাকমা (৩২)। আলোর জন্য মুঠোফোনও নিয়ে গেলেন। খানিকবাদে বেরিয়ে এলেন উপেন্টু। স্ত্রী অর্পিতা চাকমাকে ডেকে বললেন, তাঁর মুঠোফোনটি পড়ে গেছে শৌচাগারের গর্তে। স্বামী-স্ত্রী মিলে সেটি তুলতে কয়েকবার চেষ্টা করলেন। কাজ হলো না। শেষে উপেন্টু স্লাব তুলে গর্তে নামেন। এরপর তাঁর কোনো সাড়া নেই।

স্ত্রী অর্পিতা কয়েকবার ডাকলেন। উপেন্টু নিশ্চুপ। আতঙ্কিত অর্পিতা দুই ভাশুর প্রদীপ শশীকে (৪২) ও সেভেন্টু চাকমাকে (৩৫) ডেকে সব জানান। উপেন্টুকে তুলতে সেভেন্টু নেমে গেলেন গর্তে। তিনিও নিশ্চুপ। দুই ভাই উপেন্টু ও সেভেন্টুকে তুলতে এবার বড় ভাই প্রদীপ শশী নেমে গেলেন। তিনিও নীরব।

অর্পিতা এবার প্রতিবেশীদের ডেকে আনলেন। প্রতিবেশী রিপন খীসা তৈরি হলেন তিন ভাইয়ের খোঁজ নিতে। গর্ত থেকে আসা ঝাঁজাল কটু গন্ধে তাঁর দম বন্ধ হয়ে এল। বেশ অসুস্থ হয়ে পড়লেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলো।

এরপর প্রতিবেশীরা সবাই মিলে চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে তিন ভাইকে ওই গর্ত থেকে উদ্ধার করেন। প্রাণ নেই কারও। এভাবে একটি মুঠোফোন সেট উদ্ধার করতে গিয়ে তিন ভাইয়ের মারা যাওয়ার ঘটনা বর্ণনা করেন প্রতিবেশী মিল্টন চাকমা।

প্রদীপ শশী পেশায় সাংবাদিক। তিনি ভোরের কাগজের মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিক প্রদীপ শশী ও তাঁর দুই ভাইয়ের মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও সাধারণ সম্পাদক কানন আচার্য গভীর শোক প্রকাশ করে নিহত তিনভাইয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা তানজিল ফরহাদের ভাষ্য, শৌচাগারের গর্তে মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনো অক্সাইড সঞ্চিত থাকে। এ গ্যাসের কারণে তাঁদের তিন ভাইয়ের মৃত্যু হয়ে থাকতে পারে। অসুস্থ রিপন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।