এক মুহূর্তেই সব আনন্দ শোকে পরিণত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার যে বাড়িতে বউভাত হওয়ার কথা ছিল, সেখানে শুধুই শোক। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সব আনন্দকে শোকে পরিণত করল। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাইপাসে বরযাত্রীসহ মাইক্রোবাস উল্টে বর মো. নিজাম উদ্দীন (২৬) মারা যান। এ সময় আহত হন আরও ১৫ জন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নিহত নিজামদের সোনাপাহাড়ের বাড়িতে ঢোকার আগে দেখা যায় ঝলমলে বিয়ের গেট। বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর লাশকে ঘিরে আত্মীয়স্বজন বসে আছেন। সবাই বাকরুদ্ধ। গত বৃহস্পতিবার রাতে নিজামের গায়েহলুদের অনুষ্ঠান হয়। গতকাল শুক্রবার দুপুরেও শামিয়ানা টানানো গায়েহলুদের ওই মঞ্চ ছিল সাজানো-গোছানো। তখনো গাঁদা ফুলগুলো শুকিয়ে যায়নি। স্বজনেরা জানান, কনেকে বরণ করতেই রেখে দেওয়া হয়েছে ওই মঞ্চ।নিজামের মামা নুরুল আলম জানান, নিজাম তিন বছর আগে আবুধাবি যান। ২৭ দিন আগে তিনি দেশে ফেরেন। তাঁর বিয়ে ঠিক হয় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে। গতকাল ১৬ জন বরযাত্রী নিয়ে নিজাম চকরিয়ার উদ্দেশে রওনা দেন। পথে সড়ক দুর্ঘটনায় নিজাম মারা যান। এ সময় অন্য ব্যক্তিরাও আহত হন।