এক মৃত্যু, দুই ভাষ্য
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের করইয়া নগরগ্রামে আজ বৃহস্পতিবার ভোরে নিপুর সুশীল (৩১) নামে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার ও পুলিশের কাছ থেকে দুই রকমের বক্তব্য পাওয়া গেছে ।
নিপুর সুশীলের বোনের স্বামী দিলীপ সুশীল প্রথম আলো ডটকমকে জানান, নিপুর সুশীল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এলাকায় একটি সেলুনে কাজ করতেন। ৯ ডিসেম্বর রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে অবরোধ চলাকালে পদুয়া থেকে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজঘাটা এলাকায় পিকেটাররা নছিমনের চালককে লক্ষ্য করে ঢিল ছোড়েন। এতে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে আংশিক উল্টে যায়। আর নিপুর সুশীল নছিমনের নিচে পড়েন। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। সন্ধ্যায় তাঁর লাশ নগরগ্রামে নেওয়া হয়।
তবে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ নেয়ামতউল্লাহ জানান, নিপুর সুশীল সাধারণ দুর্ঘটনায় নিহত হন। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাহ করার জন্য আবেদন করে। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।